টানা বৃষ্টিতে সাতক্ষীরায় সবজির ব্যাপক ক্ষতি, বাজারে দাম বেড়েছে দ্বিগুণ

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ টানা বৃষ্টিতে সাতক্ষীরায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে তিন থেকে চার গুণ। হঠাৎ সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

শনিবার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২শ থেকে ২২০ টাকা কেজি। এক সপ্তাহ আগে যার দাম ছিল প্রতি কেজি ৪৫ থেকে ৫৫ টাকা। এছাড়া বেগুন ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, আলু ২৫ টাকা, ওল ৮০ থেকে ১২০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কাঁচকলা ৫০ টাকা, গাজর ১৪০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখি ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, উচ্ছে ১০০ টাকা ও কচুরলতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সুলতানপুর বড় বাজারে সবজি কিনতে আসা শহরের পলাশপোল এলাকার সিরাজুল ইসলাম জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বৃষ্টির অজুহাতে সরবরাহ কমিয়ে পরিকল্পিতভাবে বাজারে সবজির দাম বৃদ্ধি করা হয়েছে কিনা তা মনিটরিং করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বাজারের খুচরা সবজি ব্যবসায়ী আমির আলী জানান, টানা বর্ষার কারণে বাজারে আগের চেয়ে সবজি সরবরাহ অনেক কমে গেছে। যে কারণে দামও বাড়তির দিকে।

পাইকারি বাজারের সবজি বিক্রেতা মইদুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে নগরঘাটা ও ধানদিয়া এলাকার অধিকাংশ সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে কৃষকরা ক্ষেতের সবজি উঠাতে পারছে না।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে সবজির চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১৭৮৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষায় ২ হাজার হেক্টর জমির আউশ ধান, ধানের বীজতলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো ক্ষয়ক্ষতির তথ্য পেতে আরও কয়েকদিন সময় লাগবে।