ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় ঝিকরগাছা উপজেলায় শতভাগ জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে এক সচেতনতামূলক প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিকরগাছা উপজেলা পরিষদ এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জন্ম ও মৃত্যুনিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার ও দায়িত্ব। এটি শুধু সরকারের পরিসংখ্যান বা ডাটাবেইসের জন্য নয়, বরং নাগরিকের পরিচিতি, শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তি ও উত্তরাধিকারসহ নানাবিধ আইনি ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধন না করলে সরকারি সেবা প্রাপ্তিতে জটিলতা দেখা দিতে পারে। এজন্য সকলকে সচেতন হতে হবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওলিয়ার রহমান, ডিজিএম গোলাম কাদির, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, আইসিটি অফিসার মোঃ ওহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা জোরদারকরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রমের বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অতিথিদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

অপরদিকে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও আনসার সদস্যগণের প্রশিক্ষণ অনুষ্ঠানেও প্রধান অতিথি বক্তব্য রাখেন।