যশোর শহরের প্রবেশপথে পণ্যবাহী ট্রাক দেবে গিয়ে তীব্র যানজট

0

অনলাইন রিপোর্টার ॥ শনিবার সকালে যশোর শহরের প্রবেশপথ পুরাতন কসবা এলাকার বকুলতলা গরীব শাহ মাজারের সামনে একটি পণ্যবাহী ট্রাক ভাঙা কালভার্টের উপর দেবে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টাব্যাপী দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের।

শনিবার (১২ জুলাই) সকালে মালামাল নিয়ে ভাঙা কালভার্ট এলাকা থেকে যশোর শহরের দিকে যাচ্ছিল ট্রাকটি। হঠাৎ রাস্তার নিচের কালভার্ট দেবে গেলে ট্রাকটি ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে যায়। এর ফলে মুহূর্তেই রাস্তা বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পণ্যবোঝাই এবং নিয়ন্ত্রণহীন গতিই এই দুর্ঘটনার মূল কারণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোড় ঘোরার সময় ট্রাকটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং ভাঙা রাস্তার অংশে দেবে যায়।

স্থানীয় এক দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তায় প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে, কিন্তু নিয়মিত নজরদারি বা কোনো সতর্কতা ব্যবস্থা নেই বলেই দুর্ঘটনা ঘটেই চলেছে।”

দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় ট্রাকটি রাস্তা থেকে সরানোর কাজ চলছে।

যশোর কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানান, এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।