শ্রীপুরে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক বিএনপি ও আওয়ামী লীগ নেতা

0

লোকসমাজ ডেস্ক ॥ মাগুরার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন বিএনপি নেতা এবং একজন সাবেক আওয়ামী লীগ কর্মী। গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলার তারাউজিয়াল ও নোহাটা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে ৩টি বিদেশি রিভলবার, ১১ রাউন্ড তাজা গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, শব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু এবং সাবেক আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটো। মিজানুর রহমান টিটো একটি হত্যা ও নাশকতা মামলার পলাতক আসামি বলেও জানা গেছে।

মাগুরা সেনা ক্যাম্প ও শ্রীপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, হত্যা ও নাশকতা মামলার পলাতক আসামি মিজানুর রহমান টিটো দীর্ঘদিন পর নোহাটা গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন এবং তার কাছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র রয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে টিটোর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানকালে টিটোকে আটক করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি রিভলবার, ৮ রাউন্ড তাজা গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

টিটোর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে পার্শ্ববর্তী তারাউজিয়াল গ্রামে বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চুর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। সাচ্চুর ঘর তল্লাশি করে ১টি চায়না তৈরি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী জানিয়েছেন, আজ (৭ জুলাই) সকালে আটককৃত মিজানুর রহমান টিটো ও শরিফুল ইসলাম সাচ্চুকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।