যশোরে পূজা পরিষদের মানববন্ধনে বক্তারা বাঙালি জাতিকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করা যাবে না

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল যশোরে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর পিতা-পুত্রকে আটক এবং ঢাকার খিলক্ষেতে দুর্গাপ্রতিমা অসম্মানের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার প্রতিনিধিও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি দুলাল সমাদ্দার, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, সদর উপজেলার সভাপতি রবিন কুমার পাল, বাঘারপাড়া উপজেলার সদস্য সচিব প্রণয় সরকার, যশোর পৌরসভার সাধারণ সম্পাদক উৎপল সরকার, শার্শা উপজেলার সভাপতি নীল কুমার সিংহ, ঝিকরগাছার সভাপতি দুলাল অধিকারী এবং মহিলা পরিষদের নেত্রী সুলতানা রহমান জলি।

বক্তারা বলেন, বাংলাদেশে যত বড় সাম্প্রদায়িক শক্তিই আসুক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের সম্পর্ক নষ্ট করা যাবে না। একটি গোষ্ঠী ধর্মীয় মোড়কে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন করার পাঁয়তারা করছে, কিন্তু বাংলাদেশে এটা সম্ভব নয়।

বক্তারা আরও উল্লেখ করেন, কে হিন্দু আর কে মুসলমান, তা দেখার বিষয় নয়, বাংলাদেশকে রক্ষা করাই মূল লক্ষ্য। বাঙালি জাতি অসাম্প্রদায়িক এবং এই জাতিকে কোনো সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করা যাবে না।