পরীক্ষা দিয়ে বাসায় ফিরে জিলা স্কুলের শিক্ষার্থীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জিলা স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আসফিক রিয়ান অন্তিক (১২) নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে যশোর শহরের খড়কি কবরস্থান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী আসফিক রিয়ান অন্তিক খড়কি কবরস্থান এলাকার তবিবুর রহমানের ভাড়াটিয়া মো. আব্দুর রহমানের পুত্র। আব্দুর রহমান অভয়নগর উপজেলার নোয়াপাড়া পায়রাহাট কলেজের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় হলেও চাকরির সুবাদে তারা যশোর শহরে বসবাস করেন।

অধ্যাপক মো. আব্দুর রহমান জানান, রবিবার অন্তিকের গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে বাসায় ফিরলে তার মা পরীক্ষার বিষয়ে জিজ্ঞাসা করেন এবং ৮০ নম্বর পাবে কিনা জানতে চান। এরপর অন্তিক আনারস খাবে বলে নিজের রুমে প্রবেশ করে এবং দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মা আনারস কেটে ছেলেকে দেওয়ার জন্য জানালার কাছে গিয়ে দেখেন, ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে অন্তিক ঝুলছে।

এ সংবাদ শুনে আব্দুর রহমান দ্রুত রুমের দরজা ভেঙে অন্তিককে উদ্ধার করেন। দুপুর ২টা ৪০ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন এবং লাশ হাসপাতাল মর্গে পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতাল মর্গে ছিল।