যশোর সদর উপজেলায় শুরু হলো ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর যশোরের আয়োজনে এই মেলা কৃষকদের মাঝে আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে কাজ করবে।

শনিবার (২৮ জুন) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শারমিন আক্তার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত প্রযুক্তির মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি কার্যক্রম নিশ্চিত হবে।’

আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলার আহ্বায়ক হাসিন রেজওয়ান রুহিত প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এই মেলায় মোট ১২টি স্টল অংশ নিয়েছে, যেখানে কৃষকদের জন্য বিভিন্ন আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই মেলা কৃষকদের মাঝে নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের কৃষি কাজকে আরও উন্নত করতে সহায়ক হবে।