ইংরেজি শিক্ষার প্রতিবন্ধকতা, বহুমাত্রিক দিক ও সম্ভাবনা বিষয়ক সম্মেলন যবিপ্রবিতে

0

 লোকসমাজ ডেস্ক ।। আধুনিক প্রযুক্তি, বিশ্বায়ন ও পরিবর্তিত শিক্ষানীতির প্রভাবে ইংরেজি শিক্ষার বর্তমান বিশ্বে যোগাযোগ, উচ্চশিক্ষা ও পেশাজীবনে টিকে থাকাসহ নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  ইংরেজি বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৯ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে “ ইংলিশ স্টাডিস ইন দ্যা নিউ এরা: চ্যালেঞ্জেস অ্যান্ড ডায়মেনশন” বিষয়ক সম্মেলনের আয়োজন করে ইংরেজি বিভাগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

তিনি ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, ইংরেজি শুধু ভাষা হিসেবে নয় বরং একটি গ্লোবাল স্কিল বা বৈশ্বিক দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইংরেজি শিক্ষা এখন শুধু সাহিত্যভিত্তিক না থেকে, হয়ে উঠেছে যোগাযোগমুখী, প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক। ইংরেজি শিক্ষার বহুমাত্রিক দিক এখন স্পষ্ট। সাহিত্যের পাশাপাশি এখন ইংরেজি ব্যবহৃত হচ্ছে বিজ্ঞানের ভাষা, আন্তর্জাতিক রাজনীতি, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে। এজন্য বর্তমানে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার উপর আরও ভালো দক্ষতা অর্জন করতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. কায়সার হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুদ মর্তুজা (ভার্চুয়ালি যুক্ত ছিলেন), ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইন্সটিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর ও অধ্যাপক ড. শায়লা সুলতানা।

বক্তারা আধুনকি প্রযুক্তি, বিশ্বায়ন ও পরিবর্তিত শিক্ষানীতির প্রভাবে ইংরেজি শিক্ষার বর্তমান বিশ্বে যোগাযোগ, উচ্চশিক্ষা ও পেশাজীবনে টিকে থাকাসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান,  সম্মেলনের আহবায়ক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল্লাহ আল মামুন।  অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের তাসনিম মাহাবুবা ও কুরাইশা বিনতে হুমায়ন।