কুড়িয়ে পাওয়া বোমায় শিশু নিহতের মামলায় খোলাডাঙ্গার সন্ত্রাসী দেলু আটক

0

স্টাফ রিপোর্টার ॥ শংকরপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু ভাই বোন হতাহতের মামলায় সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুকে (৪৫) আটক করেছে পুুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে খোলাডাঙ্গার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করেন কোতয়ালি থানার এসআই আল আমিন।

পুলিশ জানায়, একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে যশোর শহরতলীর খোলাডাঙ্গা পশ্চিম পাড়ার দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়েছে। তাছাড়া তার নামে হত্যা ও বিস্ফোরক আইনের মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে।

বুধবার তাকে ওই ওয়ারেন্ট ছাড়াও বিস্ফোরকের একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গত ১৯ মে সকালে শহরের শংকরপুরে বোমা বিস্ফোরণে দুই শিশু ভাই বোন হতাহত হয়। এ ঘটনায় তার মা কোতয়ালি থানায় মামলা করেন। ওই বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দেলোয়ার হোসেন দেলুকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়।