শ্রীপুরে অর্ধশত বাড়িতে হামলার অভিযোগ, আহত ১০

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় অর্ধ শতাধিক বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার সকালে ও শনিবার রাতে উপজেলার আমতৈল-তারাউজিয়াল ও নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

আহত এখলাস শেখের স্ত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে নোহাটা গ্রামের লিপটন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল, কবির, স্কট ও ফারুক মেম্বারের নেতৃত্বে একদল মানুষ শনিবার রাতে ও রোববার সকালে ওই গ্রামের পলাশ, জাফর, আসাদ, বিল্লাল, জিল্লু, আলমগীর, জাহাঙ্গীর, ইকবাল, মুক্তিযোদ্ধা শেখ কাওছার আলী, মোসলেম, আজিজ, সরোয়ার, হাফিজার, বেদেনা ও আতর শেখসহ অর্ধশত বাড়িতে ভাঙচুর করে।

এখলাস শেখের স্ত্রী বলেন, তার একটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, চাল, ডাল, পেঁয়াজ, গরু-ছাগল নিয়ে গেছে। প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ শেখ (২৪) আশিকুজ্জামান (৪৫), যমুনা(২৫), মনি (৪৫), পল্টু (৪৫)সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।