ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক কিছু দলের মনে জ্বালা ধরিয়েছে : রুহুল কবির রিজভী

0

লোকসমাজ ডেস্ক॥ লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক কিছু রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার বিকেলে গাজীপুরের ভবানীপুরে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে ভবানীপুরের স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এতে রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি ছিলেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছে না। রমজান মাসে কি প্রচারণা করা যায়!’

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘আবহাওয়া ভালো থাকে। রমজান নেই। পরীক্ষা নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে যদি নির্বাচন হয়, তবে এর চাইতে উপযুক্ত সময় আর নেই। এ সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য রয়েছে। আর এপ্রিল মাস! তখন প্রচণ্ড গরম, ঝড়ৃ।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছে। তারা ৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন, ৯১ সালে হাসিনার সাথে নির্বাচন করেছেন, ৫ই আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দেবে এবং ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে বলে মন্তব্য করেন। তাহলে রাজনীতি মানে কি? তাদের রাজনীতি ভুলে ভরা আর বিএনপির রাজনীতি ইতিবাচক।’

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কত অপপ্রচার হয়েছে। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। শেখ হাসিনার অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে।’

ভারতের পুশইন প্রসঙ্গে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘পুশইনের মাধ্যমে ভারত পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদের নিতে হবে।’

সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান,কেন্দ্রীয় সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাকিল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য রাশেদুল হক, ডা. জাহিদুল হক, ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।