জমির বিরোধে বড় ভাইকে ছুরিকাঘাত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামে এক ব্যক্তি ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তার নাম রবিউল ইসলাম (৬০)। জমিজমা সংক্রান্ত বিরোধে গতকাল সকালে এই ঘটনা ঘটে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রবিউল ইসলামের ছেলে খালিদ হাসান জানিয়েছেন, তার বাবা রবিউল ইসলাম মাঠ থেকে কাজ করে এসে বেলা ১১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছোট ভাই ইব্রাহিম হোসেন এসে রবিউল ইসলামের ওপর হামলা চালায়। ইব্রাহিম ছুরি দিয়ে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে রবিউল গুরুতর আহত হন।

তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে রবিউল ইসলামকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।