সুদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

0

স্টাফ রিপোর্টার ॥ সুদের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেঁকুটিয়া হঠাৎপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর ২টার দিকে এই সংঘর্ষে উভয় পক্ষের মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভেঁকুটিয়া হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালামের তিন ছেলে সাইফুল ইসলাম (৩৮), মো. শরিফুল ইসলাম (৩৭) ও মো. টুটুল হোসেন (৪০) সুদের পাওনা ৫০হাজার টাকা চাইতে যান একই গ্রামের মৃত. আবু তাহেরের ছেলে রবিউল (৩৩), মিলন (৩৫) ও রুবেল (৪০) এর কাছে। এ সময় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষ ধারালো চাকু, গাছি দা এবং লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জনই রক্তাক্ত জখম হন।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।