সতর্ক থাকুন, ভারত যেন আমাদের ওপর চোখ রাঙাতে না পারে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আজ অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব আত্মসাৎ করতে চায়। অথচ বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের আন্দোলন একমাত্র বিএনপিই নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজপথে অবিচল ছিল।

তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। তিনি ভারতে পালিয়ে থেকেও প্রতিনিয়ত দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। জনগণের দাবিতে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তখন তাদের ‘প্রভূ ভারত’ এ নিয়ে কথা বলছে। যারা প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করে। এই অবস্থা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই ভারত আমাদের ওপর চোখ রাঙাতে না পারে।

বুধবার যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা এবং তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জনগণ কাকে ভোট দেবে, সেটা মুখ্য বিষয় নয়; মুখ্য হলো তারা যেন তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে। যে ভোটের জন্য এত ত্যাগ, দীর্ঘ লড়াই সংগ্রাম ও হাজার হাজার প্রাণ উৎসর্গ হয়েছে, সেই ভোট নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে, এটাই শেষ কথা।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান নারীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। আজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে এর সূচনা করেছিলেন শহীদ জিয়াউর রহমানই। তিনি বুঝেছিলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর অর্ধেক নারীকে ঘরে বসিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণে তিনি নারীদের ঘরের বাইরে এনে দেশের উন্নয়নে যুক্ত করেছিলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। কাশিমপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক সুমনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, জেলা মহিলা দল নেত্রী ফাইনারা বর্ণা, স্বেচ্ছাসেবক দল নেতা শিমুল হোসেন, ছাত্রদল নেতা রাব্বী হোসেন প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী।