যশোরে রাতে বৈদ্যুতিক খুটিতে বাধা ইন্টারনেট ও ডিশ লাইনের তারে আগুনে আতংক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের এমকে রোডে বৈদ্যুতিক পিলারে ঝুলে থাকা ইন্টারনেট ও ডিস লাইনের সংযোগ তারে গতকাল আগুনের ঘটনা ঘটেছে।

এসময় বিদ্যুৎ বিভাগ থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুনের বিস্তার রোধ হয়। এতে করে দুটি মার্কেটে থাকা প্রায় দুইশ দোকান পাট ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

এ বৈদ্যুতিক খুটিটি এম কে রোডস্থ সন্ধানী মার্কেট ও আলমবাগ মার্কেটের মাঝামাঝি স্থলে অবস্থিত। এ পিলারের সাথে বাধা ছিল অসংখ্য বিদ্যুতের সার্ভিস তার, ইন্টারনেটের ডিশ ফাইবার তার ও টেলিফোনের তার।

বৈদ্যুতিক খুটির পাশে আলমবাগ মার্কেটের রুচিরা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী উত্তম দত্ত ও তার বন্ধু কাজী জয়নাল আবেদীন জানিয়েছেন, রাত সাড়ে ৮ টার দিকে আকস্মিকভাবে পিলারে ঝুলে থাকা ওই তারের সংযোগে আগুন ধরে যায়। পরে আগুন ব্যাপকতা লাভ করে এবং দাও দাও করে জ্বলতেও থাকে। আগুনে পুড়ে তারগুলো সব পিলার থেকে নিচে রাস্তার পাশে মাটিতে পড়ে যায়। এ অবস্থায় ওই দুটি মার্কেটে থাকা প্রায় ২ শত ব্যবসায়িক বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদের ভেতর আতঙ্কে সৃষ্টি হয়। সকলে দোকানের ভিতর থেকে বের হয়ে আসেন। তখন ব্যস্ততম এম কে রোড ও হাট খোলা রোডে চলাচল করা লোকের ভিতরে নেমে আসে আতঙ্ক। অন্যদিকে রাস্তায় চলাচল করা যানবাহনের ব্যাপক ভিড় লেগে যায়। সব মিলিয়ে সৃষ্টি হয় সেখানে অচল অবস্থা।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, এক একটি বৈদ্যুতিক পিলারের সাথে অত্যাধিক সংখ্যক ইন্টারনেটের তার, ডিশ লাইনের তার বাধা থাকে। এগুলো ঝুঁকিপূর্ণ।