দামুড়হুদার হাসিনা ফুড ফ্যাক্টরি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা, উৎপাদন বন্ধ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারের মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দামুড়হুদা বাজারে হোটেল, ফলের দোকান, ওষুধ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরো পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকির সময় মানসম্মত পণ্য কেনা-বেচা, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, কেনা-বেচার ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারির পণ্য তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরির মালিক এনামুল হককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ও প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন হওয়ার জন্যে ২৮ এপ্রিল পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।