তালায় কালেরকণ্ঠ প্রতিনিধির ১০ দিনের কারাদণ্ডাদেশ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এ রায় দেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স তৈরির কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম.এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনা উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন।

তালার উপসহকারী প্রকৌশলী এম.এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপ্লেক্সের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কোনো কিছু বুঝে উঠার আগেই আমার মুখে ঘুষি মারেন। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সবার সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতানকে ১০ দিনের সাজা প্রদান করেন।

সাংবাদিক টিপু সুলতান বলেন, কাজের মান খারাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এ সময় উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগিতা না করে কাছে থাকা ছাতা দিয়ে মারতে শুরু করেন। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন, এ সময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপসহকারী প্রকৌশলীকে মারপিট করা হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, একজন সাংবাদিক আমার একজন কর্মকর্তাকে মারধর করেছেন এমন খবরে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত শ্রমিকদের সাক্ষ্য গ্রহণে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেনসহ কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।