সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় বজ্রপাতে অমিত্তবান আরা (৪৫) নামে এক নারী শ্রমিকের মুত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক নারী শ্রমিক। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত নারী শ্রমিক অমিত্তবান আরা সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। আহত নারী শ্রমিকের নাম খুকুমনি (৪৭)। তিনি একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, অমিত্তবান সোমবার সকালে পাশের কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান বহনের কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে প্রচন্ড মেঘ হয়। এ সময় খুকুমণিকে সাথে নিয়ে অমিত্তবান দ্রুত এক বোঝা ধান বহনের জন্যে মাঠে যান। হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে তারা গ্রামে ফিরে আসছিলেন। পথে দুপুর সাগে ১২টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই অমিত্তবানের মৃত্যু হয়। আহত হন তার সঙ্গী খুকুমণি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।