এক বোঁটায় ৩২টি লাউ

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ অবিশ্বাস্য হলেও সত্যি একটি লাউ গাছের এক বোঁটাতে একে একে ৩২টি লাউ ধরেছে। ইতোমধ্যে দুটি লাউ গাছ মালিক রান্না করে খেয়েছেন। এখনও যে ৩০টি লাউ আছে তারমধ্যে অনেকগুলোই খাওয়ার উপযোগী হয়ে উঠেছে। প্রতিদিনই এ লাউ দেখার জন্যে ভিড় করছেন মানুষ।

গাছ মালিক চৌগাছার যাত্রাপুর গ্রামের উসমান আলী সরদার। তিনি কৃষি কাজের পাশাপাশি যাত্রাপুর জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন।

উপজেলার হাকিমপুর ইউনিয়নের একটি গ্রাম হচ্ছে যাত্রাপুর। গ্রামের কৃষক উসমান আলী সরদার প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমে বসতঘরের পাশেই একটি লাউয়ের বীজ বপন করেন। যথারীতি চারা বের হয়। এরপর কৃষক লাউ গাছটির জন্যে বাঁশ-খুঁটি ও কুনচির সাহায্যে একটি মাচা তৈরি করেন। এরপর গাছটি ছড়িয়ে পড়ে।

সম্প্রতি মালিক একটি লাউ তুলতে গিয়ে তিনি দেখেন মাচার ওপরে অনেকগুলো লাউ। তিনি মাচায় জায়গা করে লাউগুলো নিচের দিকে ঝুলিয়ে দেন। দেখেন একটি বোটায় ৩২ টি লাউ ধরেছে।

কথা হয় লাউ গাছের মালিকের ছোট ভাই লোকমান হোসেনের সাথে। তিনি বলেন, বড় ভাই প্রতি বছরই এখানে লাউ গাছ লাগান। এ বছরই সেই একইভাবে একটি গাছ লাগান। হঠাৎ করেই দেখা গেছে, লাউ গাছের এক বোটাতে ৩২ টি লাউ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুুসাইন বলেন, লাউ গাছটির যখন পূর্ণ বয়স হয়েছে ঠিক সেই সময়ে একটি বোঁটাতে এক সাথে অনেকগুলো স্ত্রী ফুল বের হয়েছে। আর ফুলগুলো পরাগয়ন হওয়ায় প্রতিটি ফুলেই লাউ ধরেছে।