যশোর ইনস্টিটিউট স্কুলে এক অভিভাবককে অপর জনের মারধরের ভিডিও ভাইরাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সামনেই এক অভিভাবককে মারধর করেছেন এক যুবক। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই অভিযুক্ত যুবককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গোচরীভূত হয়েছে বলে জানা গেছে।

তবে থানায় এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন কোতয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা রেবেকা খাতুন।

যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি শফিকুল ইসলাম বাবু জানান, বিদ্যালয়ের পূর্ব পাশের গলি দিয়ে মাইকপট্টি হয়ে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা যাতায়াত করে থাকেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিদ্যালয়ের ছুটি দেওয়া হয়।

এ সময় এক শিক্ষার্থী নিয়ে এক য্বুক গলির ভেতর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ কারণে গলিতে যাতায়াতে বাধার সৃষ্টি হয়। তখন আরেকজন পুরুষ অভিভাবক মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থেকে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য প্রতিবাদ জানান।

এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবক মোটরসাইকেল থেকে নেমে ওই অভিভাবককে এলোপাতাড়ি কিলঘুষি এবং লাথি মারতে থাকেন। উপস্থিত কয়েকজন যুবককে নিবৃত্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। দপ্তরি শফিকুল ইসলাম বাবু ওই ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করেন। তাকে রক্ষা করতে গিয়ে হামলাকারী যুবকের ঘুষিতে তিনিও আঘাতপ্রাপ্ত হন। এক পর্যায়ে হামলাকারী যুবক মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যান। তবে হামলাকারী যুবক এবং মারধরের শিকার অভিভাবকের পরিচয় জানতে পারেননি দপ্তরি শফিকুল ইসলাম বাবু।

স্থানীয় একটি সূত্র জানায়, কিছুক্ষণ পর হামলাকারী যুবক আরও কয়েকজন সঙ্গী নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন এবং ফের ওই ব্যক্তিকে মারধর করেন। এতে ওই ব্যক্তি জখম হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার সময় উপস্থিত শিশু শিক্ষার্থী এবং নারী অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপদ স্থানে চলে যান। হামলাকারী যুবক চলে যাওয়ার পর নারী অভিভাবকেরা সন্তানদের নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এদিকে ওই মারধরের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে এক যুবক মোটরসাইকেল থেকে নেমে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর করছেন। কেউ কেউ যুবককে নিবৃত্ত করার চেষ্টা করছেন। ভিডিওতে অভিযুক্ত যুবকের মোটরসাইকেল নম্বর যশোর-হ-১১-৭৮২৮ দেখা যাচ্ছে।

এদিকে একটি সূত্র জানায়, বিষয়টি জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকীর গোচরীভূত করা হয়েছে। তবে মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কোতয়ালি থানা পুলিশের ডিউটি অফিসার এস.আই রেবেকা খাতুন জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।