ইছামতিতে ভেসে ওঠা বাংলাদেশি যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদীতে ভেসে ওঠা বাংলাদেশি যুবকের লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভারতের শ্রীরামপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই লাশটি উদ্ধার করে ধনতলা থানায় নিয়ে যায় বলে স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম সাংবাদিকদের জানান।

এদিকে লাশটি ওয়াসিমের দাবি করে তার পিতা রমজান আলী শনিবার দুপুরে মহেশপুরের বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পে একটি আবেদন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা তার সঙ্গে ছিলেন। আবেদনে তিনি পতাকা বৈঠকের মাধ্যমে সন্তানের লাশটি ফেরৎ আনার অনুরোধ করেন। তবে এ বিষয়ে বাঘাডাঙ্গা বিজিবির কোম্পানি সদরের কমান্ডার ওবাইদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ ভারতের অংশে থাকায় বাংলাদেশি পুলিশ ও বিজিবি উদ্ধার করতে পারেনি। ওয়াসিমের বড় ভাই মেহেদী হাসান দাবি করেন, তার ভাই ওয়াসিম ৩/৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। মাঝেমধ্যে সে ভারতে ধুড় নিয়ে যাতায়াত করতো বলে শুনেছি।

৫৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, লাশটি ইছামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি। বিএসএফকে জানানো হয়েছিল। তবে মৃতদেহটি বাংলাদেশি না ভারতীয় তা এখনো অনিশ্চিত। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান, ইছামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ উদ্ধারের কথা তিনি শুনেছেন।