কেশবপুরে সুই-সুতোর বুননে ভাগ্য ফিরছে অর্ধশত নারীর

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ জীবন-জীবিকার তাগিদে স্বামী-সন্তানের কথা চিন্তা করে ইচ্ছাশক্তি আর সুই-সুতোর বুননের দক্ষতাকে কাজে লাগিয়ে ভাগ্য ফেরাচ্ছেন কেশবপুরের হাবাসপোল এলাকার অর্ধশত নারী। সংসারের আর্থিক সচ্ছলতা আনতে সূচের ফোঁড়ে ফোঁড়ে শাড়ি, পাঞ্জাবি, কামিজের ওপর ফুটিয়ে তুলছেন নানা রকমের কারুকাজ। পরিবার সামলিয়ে অবসরে বিভিন্ন ধরনের পোশাকে সেলাইয়ের কাজ করে অনেকে মুক্তি পেয়েছেন দারিদ্র্যের হাত থেকে। পাশাপাশি এ শিল্পকে ঘিরে কর্মসংস্থান সৃষ্টিতেও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছেন তারা।

২০০৭ সালের দিকে উপজেলার হাবাসপোল এলাকার মিতু বেগম যশোর থেকে শাড়ি, পাঞ্জাবি, কামিজসহ বিভিন্ন পোষাকের ওপর সুই-সুতোর বুননের নকশার কাজ শিখে এলাকার নারীদের শেখান। এ সময় তিনি ৪০/৫০ জন নারীকে নিয়ে একটি দল গঠন করে বিভিন্ন জায়গা থেকে নকশার কাজের অর্ডার এনে দলের সদস্যদের দিয়ে করাতে থাকেন। সংসারের আর্থিক সচ্ছলতা আনতে নারীরা একাজে আগ্রহী হয়ে ওঠেন। মিতু বেগম হয়ে ওঠেন এ উপজেলার প্রথম সারির একজন সফল নারী উদ্যোক্তা। তিনি ও তার দলের সদস্যদের সুই- সুতোর কাজের সুনাম নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচিতি লাভ করে। পরবর্তীতে সাংসারিক ঝামেলার কারণে সূচের ফোঁড়ের কাজ থেকে নিজেকে গুটিয়ে নেয় মিতু বেগম।

পরবর্তীতে এ নারী দলের নেতৃত্বে আসেন ওই গ্রামের আরেক উদ্যোক্তা লিপিয়া বেগম। এলাকায় এ কাজ ধরে রাখতে তার সাথে পরিচয় ঘটে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত আয়শা আবেদ ফাউন্ডেশন প্রকল্পের কর্মকর্তাদের। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এ সময় আয়শা আবেদ ফাউন্ডেশনের উদ্যোগে হাবাসপোল এলাকায় সুই-সুতোর কাজে দক্ষ নারীদের নিয়ে ৫০ জনের একটি দল গঠন করা হয়। হাবাসপোলে এ ফাউন্ডেশনের উদ্যোগে একটি টিন সেডের ঘরে কেন্দ্র করে সেখানে চলে নকশার কার্যক্রম।

লিপিয়া বেগম জানান, প্রতিদিন সংসারের কাজের ফাঁকে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রে এসে তাদের সুই- সুতোর কাজ করতে হয়। আয়শা আবেদ ফাউন্ডেশন বিভিন্ন কোম্পানির নকশার কাজ ধরে তাদের দিয়ে বাস্তবায়ন করায়। ঘরভাড়া প্রতিমাসে ৭৫০ টাকা দিতে হয়। শাড়ি, পাঞ্জাবি, কামিজ, জায়নামাজ, ফতুয়া, সুতা, নকশাসহ উপকরণ ফাউন্ডেশন দেয়। সুই ও ফ্রেম নিজেদের কিনতে হয়। তারা প্রতিটি শাড়ির মুজুরি ১৬শ থেকে ১৮শ টাকা, পাঞ্জাবি, কামিজ, ফতুয়া ২০৮ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত পান।

তার কেন্দ্রের নারী উদ্যোক্তা তাসলিমা, রেশমা, আসমা, নাজমা বেগম জানান, একটা পাঞ্জাবি এক দিনে করা যায়। এভাবে তারা প্রতি মাসে অবসর সময়ে অনায়াসে ৮ থেকে ১০ হাজার টাকা আয় করেন। তারা আরও বলেন, আয়শা আবেদ ফাউন্ডেশন তাদের আয় থেকে প্রতিমাসে ২৫ টাকা করে কেটে নেয়। এ অর্থ দলের সদস্যদের চিকিৎসা খরচ বাবদ দেওয়া হয়। এরমধ্যে মহিলাদের সিজারিয়ান অপারেশন ৮ হাজার টাকা, অ্যাপেন্ডিক্স অপারেশন ৬ হাজার টাকা, জ্বরায়ু অপারেশন ৩০ হাজার টাকাসহ অবসর ভাতা বাবদ এককালীন ১৫ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

এ ব্যপারে ব্র্যাকের ডিস্ট্রিক কোঅর্ডিনেটর আলমাস বলেন, আমরা নকশাসহ অর্ডারের কাপড়, সুতো দিয়ে তাদের সহযোগিতা করি। বিনিময়ে তারা পারিশ্রমিক পায়। এছাড়া একাজে নিয়োজিত সকল নারী ফ্রি চিকিৎসাসেবা পেয়ে থাকেন।