অভয়নগরে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরের পল্লীতে গাছ কাটার সময় শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দেয়াপাড়া গ্রামের ফজলুর রহমানের ঘেরে। মৃত ব্যক্তি দেয়াপাড়া গ্রামের মমিন আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াপাড়া গ্রামের ফজলুর রহমানের মাছে ঘেরের পাড়ে মো. শরিফুল ইসলামসহ ৩/৪ জন মিলে একটি মেহগনি গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শরিফুল। সহযোগী ও স্থানীয়রা তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত তাকে ঘোষণা করেন।

সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্যে যশোর মর্গে পাঠায়।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলীম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রিক্রয়াধীন।