যশোরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে স্থানীয় ব্যবসায়ীদের সাথে শুক্রবার রাতে মতবিনিময় করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সভায় অংশ নেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

সভায় প্রধান অতিথি আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আগ্রহী হতে হবে সবাইকে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, যশোরের পুলিশ সুপার রওনক জাহান। তারা ব্যবসায়ীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সহায়তার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সমস্যা সমাধানে প্রশাসনের সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো.মিজানুর রহমান খান।

তিনি বলেন, এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় ব্যবসায়ীদের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা সরাসরি নীতি নির্ধারক ও প্রশাসনের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা ভাগ করে নিতে পারেন।

সভায় যশোরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য প্রস্তাবনা তুলে ধরেন।