মাদরাসা ছাত্রীদের আবাসিক রুমে সিসি ক্যামেরা, শিক্ষকের কক্ষে মনিটর

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের শার্শা উপজেলার ফাতেমাতুজ্জোহরা কওমি মাদরাসায় ছাত্রীদের আবাসিক রুম থেকে শিক্ষকের লাগিয়ে রাখা দুটি নাইট ভিশন সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ। অভিভাবকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ গত বুধবার (৯ এপ্রিল) বিকেলে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ মাদ্রাসা থেকে ১৬টি সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্র জব্দ করে।

এসময় মাদরাসার শিক্ষক আবু তাহেরকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে অভিযানে সিসি ক্যামেরা ও মনিটর জব্দ করা হয় প্রতিষ্ঠানটি থেকে।

পুলিশ সূত্রে জানা যায়, কওমি মাদরাসাটির পাঁচতলা ভবনের নিচতলায় দুই শিক্ষক থাকেন। ওপরের চারটি তলায় আবাসিক থেকে ছাত্রীরা লেখাপড়া করে।

মাদরাসার মালিক আবু তাহের একইসঙ্গে পরিচালক ও শিক্ষক। তিনি দাবি করেন, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি যখন সিসি ক্যামেরা দেখেন, তখন তার স্ত্রী সঙ্গে থাকেন। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেন প্রতিষ্ঠানের নারী প্রধান শিক্ষক।

যশোরের মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষনো মল্লিক বলেন, মেয়েদের ঘুমানোর ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘন করেছেন শিক্ষক। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হতে পারে। তবে তারা অপরাধ করেও পার পেয়ে যাওয়ায় সমাজে অপরাধের প্রবণতা বাড়ছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, পুলিশ মাদরাসা থেকে ১৬টি সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্র জব্দ করেছে।

জব্দ হওয়া সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মেয়েদের শোয়ার ঘরে ক্যামেরা স্থাপন করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করা হয়েছে। এটা কেউ করতে পারেন না। যখনই ডাকা হবে, তখনই হাজির হওয়ার শর্তে আবু তাহেরকে ছেড়ে দেয়া হয়েছে।