মোরেলগঞ্জ হাসপাতালের অপারেশন থিয়েটার গুদাম ঘরে পরিণত

0

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) ॥ মোরেলগঞ্জ উপজেলাবাসীর ভরসা একমাত্র ৫০ শয্যার হাসপাতালটি এখন নিজেই রোগাক্রান্ত। অপারেশন থিয়েটার গুদাম ঘরে পরিণত হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসায় কাটাছেড়া সেলাইয়ের কাজ করানো হয় বহিরাগত দিয়ে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৪লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসার স্থল ৫০ শয্যার এ হাসপাতালটি নানাবিধ অনিয়মের কারণে নিজেই এখন রোগাক্রান্ত হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম যোগদানের পর থেকেই সপ্তাহের বুধবার কর্মস্থল ত্যাগ করে ফিরে আসেন রোববার। অভিযোগ উঠেছে অনিয়মিত অফিস করেন তিনি। যে কারণে স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখনকার সময় অ্যাপেন্ডিসাইটস, হার্নিয়া, একশিরা,টিউমার, ফোঁড়াসহ দৈনিক ১০/১৫টি অপারেশন হতো এ হাসপাতালে। এ ছাড়াও বিভিন্ন ধরনের ছোটখাটো অপারেশন ডায়াবেটিস রোগীদের ড্রেসিং বিভিন্ন ক্ষতের চিকিৎসা হলেও পরবর্তীতে ইউএইচএফপিও ডা. শর্মী রায় যোগদানের পর থেকে অপারেশন কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায়। বর্তমান টিএইচএফপিও ডা. মুজাহিদুল ইসলাম যোগদানের ৪মাস অতিবাহিত হয়ে গেলেও কোনপ্রকার অপারেশন কার্যক্রম চালু করতে পারেনি।

বর্তমানে অপারেশন থিয়েটারটি অকেজো হয়ে পড়ে আছে। সেটিকে গুদাম হিসেবে বিভিন্ন ওষুধের কার্টনবক্স স্তূপ করে রাখা। হাসপাতালে নুতন এক্সরে মেশিনটি দীর্ঘ ৫/৬ বছর ধরে ফেলে রাখা হয়েছে। আল্টাসনোগ্রাফি কার্যক্রম বন্ধ। ইসিজি ও প্যাথলজির দায়িত্বে থাকা টেকনিশিয়ান ২ সপ্তাহ আগে অন্যত্র বদলি হওয়ায় এ কার্যক্রমটিও এখন বন্ধ হয়ে পড়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসায় দেখা গেছে, কর্মকর্তা মুজাহিদুল ইসলামের নিকট আত্মীয় বহিরাগত চুন্ন ু হাওলাদার সাধারণ রোগীর মাথায় দিচ্ছেন সেলাই।

এ বিষয় হাসপাতালের আরএমও ডা. নাদিরুজ্জামান আকাশ বলেন, শনিবার থেকে ইউএইচএফপিও স্যার ৩ দিনের ছুটিতে আছেন। অপারেশন থিয়েটারের কার্যক্রম এনেসথেসিয়া, গাইনি ও সার্জিক্যাল কনস্যাল্টেন্ট না থাকায় চালু করা যাচ্ছে না। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

এ সম্পর্কে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. এ.এস.এম মাহাবুবুল আলম বলেন, ইউএইচএফপিও ডা. মুজাহিদুল ইসলাম ৩দিনের ছুটির বিষয়ে তিনি অবহিত নন। অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করার বিষয়ে ডাক্তার ও জনবল সংকট থাকার কারণে কিছুটা সাময়িক সমস্যা হচ্ছে। নতুন ভবনের কাজটি সম্পন্ন হলে এ সকল সমস্যার সমাধান হবে বলে এ কর্মকর্তা জানান।