যশোরে প্লাস্টিক কারখানা চুরির ঘটনায় আটক ৭

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি প্লাস্টিক কারখানা থেকে ৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই মালামালের আংশিক উদ্ধার হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ মার্চ রাতে চাঁচড়া চেকপোস্ট এলাকার মা এন্টারপ্রাইজ নামের প্লাস্টিকের একটি কারখানায় চুরির ঘটনা ঘটে। চোরচক্রের সদস্যরা সেখান থেকে ৩ লাখ টাকার ৪টি ইলেক্ট্রিক মোটর এবং ২ লাখ টাকার ২টি কাটার মেশিন চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানার মালিক মনিরুল ইসলাম বাদি হয়ে মন্ডলগাতি গ্রামের আমিনুর রহমানের ছেলে রিজভী আহমেদ রাফিকে সন্দেহজনক আসামি করে গত শনিবার কোতয়ালি থানায় মামলা করেন। মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই মুন্সী পারভেজ আক্তার রাতে মন্ডলগাতি গ্রামে অভিযান অভিযুক্ত রিজভী আহমেদ রাফিকে (২৬) আটক করেন।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে চুরির কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তিতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার ৬ সহযোগীকে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৩টি মোটরের আংশিক অংশ এবং কিছু তামার তার উদ্ধার করা হয়।

আটকরা হলেন, চাঁচড়া রায়পাড়ার চুন্নু শেখের ছেলে সোহেল শেখ (৩৭), আব্দুস সামাদের ছেলে রবিউল ইসলাম (২৮), মৃত মোসলেম শেখের ছেলে জাহাঙ্গীর (৫২), ধনু মিয়ার ছেলে জনি মিয়া (৩৫), শংকরপুরের সৈয়দ পরীর ছেলে জিহাদ শেখ (২৫) ও মৃত আখের আলীর ছেলে মামুন হোসেন (২৩)। রোববার আটক সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।