বাঘারপাড়ায় ক্রোক করা রণজিত রায়ের বাগানের গাছ লুট

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত কুমার রায়ের ক্রোক করা জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি নসিমনে করে গাছগুলো সরিয়ে ফেলে দুর্বৃত্তরা। অবশিষ্ট গাছগুলো নারিকেলবাড়িয়া ফাঁড়ি পুলিশ জব্দ করেছে।

গতকাল রোববার বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিরামপুর গ্রামে এ গাছ লুটের ঘটনা ঘটে। এর আগেও বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রাম থেকে রণজিত রায়ের জমির গাছ লুটের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সম্প্রতি দুদকের মামলায় সাবেক এ সংসদ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গাছ লুট শুরু হয়।

জানা গেছে, বিরামপুর গ্রামে রণজিত রায়ের প্রায় এক একরের একটি মেহগনি বাগান রয়েছে। ওই জমির গাছগুলো দুর্বৃত্তরা কেটে নিচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হন।

গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাছকাটা শ্রমিক ও নসিমন ড্রাইভাররা সেখান থেকে পালিয়ে যায়।

বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান জানিয়েছেন,‘সংবাদ পেয়ে নারিকেলবাড়িয়া ফাঁড়ি পুলিশ ও থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থলে গাছ কাটার সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি। গাছ কাটা লেবার ও নসিমন চালকদের ছবি সংগ্রহ করা হয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, সাবেক সংসদ সদস্য রণজিত রায়ের সব সম্পত্তি এখন সরকারের। ফলে সরকারি ওই জমির সব কিছুই দেখভালের দায়িত্ব এখন প্রশাসনের।