ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না কিশোরের

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)।। যশোরের অভয়নগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু বক্কার (১৬) নামে কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আরও এক জন আহত হন।

শনিবার (২২ মার্চ) রাত  ৮ টার সময় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এঘটনা ঘটেছে। নিহত আবুবকর উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের ইরশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার থেকে ঈদের কেনাকাটা করে নিহত আবুবকর রাতুল নামের যুবককে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছিলো। পাচুড়িয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। নিহত আবু বক্কারের মাথা ফেটে যায়। দু’জনকেই স্থানীয় পথচারীরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুবকরকে মৃত ঘোষণা করেন। অপরজন রাতুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আবুবকরের দুলাভাই মেহেদী হাসান জানান, আমার ছোট শালা বাঘুটিয়ায় গিয়েছিল ঈদের কেনাকাটা করতে। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে। সে পল্লী মঙ্গল আদর্শ কলেজের ছাত্র ছিল।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার রহমান বলেন, ২জন ব্যক্তিকে রাত ৯ টার দিকে হাসপাতালে নিয়ে আসছিল। এরমধ্যে আবুবকর নামের ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, ঘটনা জেনেছি সাথে সাথে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।