মৃত্যুর ১৪ দিন পর গ্রিস থেকে বাড়িতে এল মুকুলের মরদেহ

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের গ্রিস প্রবাসী তরিকুল ইসলাম মুকুলের (৫০) মরদেহ ১৪ দিন পর দেশে এনে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার রাত ১০ টার দিকে গ্রিস থেকে তরিকুল ইসলাম মুকুলে মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১ টার দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ভোর ৫ টার দিকে মরদেহ নিয়ে আসা হয় মুকুলের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক ঘটনার। শনিবার সকাল সাড়ে ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তরিকুল ইসলাম মুকুল পাড়ের কায়বা গ্রামের মৃত দ্বীন আলী গাজীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়ছে।

মুকুলের স্ত্রী মাহমুদা খাতুন জানান, তার স্বামী ২০০৪ সালে গ্রিসে যান। গত ২২ বছর ধরে তিনি সেখানে ছিলেন। মাঝে মাঝে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার ফিরে যেতেন।

এ বছরের মাঝামাঝি সময় দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার গ্রিসে ফিরে যাওয়ার কথা ছিলো । কিন্তু গত ৮ মার্চ প্রবাসে থাকা অবস্থায় স্ট্রোক করে তিনি মারা যান।