বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর দণ্ড

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ইমরান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার এ আদালত পরিচালনা করেন। মোবাইল ফোন চুরি এবং মাদক বহন ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে ইমরান (২৮) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়াও তিনি বিভিন্ন সময় চুরির সাথেও জড়িত ছিলেন। এরআগে তিনি দুটি মাদক মামলার আসামি।

মঙ্গলবার সকালে পুকুরিয়া গ্রামের গ্রামপুলিশ লিচমিন বেগমের ঘর থেকে মোবাইল ফোন চুরি করে চম্পট দেন তিনি। এ সময় গ্রামবাসী ইমরানকে হাতেনাতে ধরে প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ও বাঘারপাড়া থানার এসআই পলাশ ঘটনাস্থলে গিয়ে ইমরানকে তল্লাশি করে চুরি করা মোবাইল ফোন, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

এ সময় নির্বাহী মেজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য সেবন ও বহনের অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার জানান, ইমরানের স্বীকারোক্তি এবং মাদক বহন ও সেবনের যথেষ্ট প্রমাণ থাকায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।