বাঘারপাড়ায় ব্রিটিশ সৈনিকের স্ত্রীর পাশে ইউএনও শোভন সরকার

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বুধবার যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামের ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়ার স্ত্রী আয়াতুন্নেছার সাথে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।

বুধবার দুপুরে ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে তার সাথে সাক্ষাত করেন। এ সময় আয়াতুন্নেছার হাতে ঈদ উপহার তুলে দেন ও শারীরিক অবস্থার খবর নেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়া যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে ১৯১৬ সালের ১১ ডিসেম্বার জন্মগ্রহণ করেন।তার পিতার নাম করিম বক্স। ২৬ বছর বয়সে এই যোদ্ধা ১৯৪৩ সালে ২য় বিশ্বযুদ্ধে অংশ নেন। তার সৈনিক নম্বর ছিল ৩৯২৮৩৩৯। ১৯৪৮ সালে অবসরে যান এ বীর যোদ্ধা।

উপজেলা নির্বাহী অফিসার জানতে পারেন বাঘারপাড়া উপজেলার মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একজন সৈনিকের স্ত্রী বেঁচে আছেন। বুধবার দুপুরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে খোঁজ-খবর নিতে তার বাড়িতে ছুটে যান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়ার স্ত্রী আয়াতুন্নেছার নিকট ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময় করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।