৯০ দিনের মধ্যে আছিয়ার মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই: ডা. শফিকুর রহমান

মাগুরায় জামায়াতের আমির

0

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা) ॥ মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের কবর জিয়ারত, দোয়া মাহফিলে যোগদান ও তার বাড়িতে পরিদর্শনে গিয়েছিলেন শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

স্থানীয় সোনাইকুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কুরআনের আইন চালু হলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। আগামী ৯০ দিনের ভেতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই,৯১ দিন যেন পার না হয়।’ জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।

জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, অফিস সেক্রেটারি খায়রুল ইসলাম, যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি.এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হুসাইন, মহম্মদপুর উপজেলা আমির নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমির অধ্যাপক আফসার আলী, শিবিরের জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন প্রমুখ।