চুয়াডাঙ্গায় দেড় লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সম্মেনে জানানো হয়, আগামী ১৫ মার্চ চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুকে ভিটমিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ১৫ মার্চ থেকে এ জেলার ৪টি উপজেলায় ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৩৬৩ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

৮৯৬ টি আউটরিচ ও ১০টি স্থানীয় টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ২৭১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক এ কাজে নিয়াজিত থাকবেন। জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ কাজ বাস্তবায়ন করছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান প্রমুখ।