যশোরে বাসের ধাক্কায় ডিবি পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঁচড়া চেকপোস্টে বাসের ধাক্কায় ডিবি পুলিশের কনস্টেবল মিটুল হোসাইনের মৃত্যুর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত শুক্রবার নিহতের স্ত্রী পুলিশ কনস্টেবল মোছা. রিক্তা এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চালককে আসামি করে মামলাটি করেছেন।

মোছা. রিক্তা মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী মিটুল হোসাইন ডিবি পুলিশে কর্মরত ছিলেন। গত ২৫ জানুয়ারি দুপুরে তিনি সন্দেহজনক লোকজনের চলাচল নজরদারির জন্য চাঁচড়া চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন।

এ সময় পালবাড়ির দিক থেকে আসা এসপি গোল্ডেন লাইনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৪৮) বেপরোয়া গতিতে এসে পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মিটুল হোসাইনের পড়ে গেলে মোটরসাইকেলের ওপর দিয়ে বাস চালিয়ে চলে যান চালক। এতে মিটুল হোসাইনের বা পা ভেঙে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মিটুল হোসাইনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ফেব্রুয়ারি মারা যান মিটুল হোসাইন।