চৌগাছায় অগ্নিকাণ্ডে তিন কৃষকের পানের বরজ ভস্মীভূত

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আগুন লেগে তিন কৃষকের পানের বরজ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

কৃষকেরা জানিয়েছেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে পানের বরজে আগুন ধরে গেলেও মানতে নারাজ স্থানীয় বিদ্যুৎ বিভাগ। তারা বলছেন বৈদ্যুতিক কারণ নয়, অন্য কোনো কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকেরা।

স্থানীয়রা জানান, উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মাঠে কৃষক মিজানুর রহমান, মাহাবুর রহমান ও সেলিম রেজার ১০ কাঠা করে মোট ৩০ কাঠা জমিতে পান চাষ রয়েছে। দুই থেকে চার বছর পর্যন্ত পানের বয়স হয়েছে।

শনিবার বিকেলে হঠাৎ পানের বরজে আগুন ধরে যায়। পানের বরজের কাছে বৈদ্যুতিক পিলারে ট্রান্সফরমার রয়েছে। সেটি ব্লাস্ট হয়ে আগুন ধরে মুহূর্তে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পানের বরজ দাউদাউ করে জ¦লতে থাকে। তাদের চোখের সামনে নিজেদের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। তারপরও তারা কিছু করতে পারেনি। অগ্নিকাণ্ডে তাদের ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষকেরা।

এ বিষয়ে পুড়াপাড়া বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জনি বলেন, বৈদ্যুতিক ও ট্রান্সফরমার ব্লাস্টের কারণে আগুন লাগেনি। ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুনে এটা হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।