বসন্ত এলো, নানান আয়োজনে বরণ

0

স্টাফ রিপোর্টার॥ মাঘের শেষ সপ্তাহ থেকেই বিদায়ের সুর বাজিয়েছে শীত। গতকাল ৩০ মাঘ সকাল থেকে দক্ষিণার বাতাসে অনুভূত হল বসন্ত আসছে। সেই অনুভবে আজ এল ঋতুরাজ বসন্ত। সেই রঙে রঙিন হবে ভালোবাসা দিবসও। তবে এবছর পবিত্র শবেবরাতের দিন হওয়ায় বসন্ত বরণের আয়োজন এক দিন আগে ও পরে করা হচ্ছে।
বসন্ত আগমণের আগমুহূর্তে প্রকৃতি নিজেকে সাজিয়ে নেয় নানান রূপে। যা প্রত্যক্ষ হয় দক্ষিণ হাওয়ায় মৃদু-মন্দ দুলতে থাকা গাছের কিশলয়ে, আমের মুকুল আর লিচুর ফুলের সুবাসে নতুনের কলরবে। বেজে ওঠে আনন্দের তান, সুরের মুর্ছনায় সকলে গেয়ে ওঠে ‘বসন্ত এসে গেছে’। সেই সাথে কোকিলে সুমধুর ডাক বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে।
পহেলা ফাল্গুনের আজকের এই দিনটি স্বাগত জানাতে নানা উদ্যোগ, নানা আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে গতকাল থেকে।
এক দিন আগেই মাঘকে বিদায় জানিয়ে গানে গানে বসন্তকে বরণ করে নিয়েছে সাংস্কৃতি সংগঠন উদীচী যশোর ও পুনশ্চ যশোর। বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে উদীচী যশোরের আয়োজনে পৌর উদ্যানের সবুজ চত্বরে এবং পনুশ্চ যশোরের আয়োজনে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বসন্ত রাগে’ উদীচী যশোরের শিল্পীদের সমবেত কণ্ঠে গানটি পরিবেশনের মধ্যে দিয়ে বসন্ত বরণের অনুষ্ঠান শুরু হয়। এরপর হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল , ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। ও লাল পাহাড়ের দেশে যাই, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, শোন গো দখিনা হাওয়া, আগুন লাগাইয়া দিলো, মনে করো আমি নেই, তোরে পুতুলের মতো করে- গান পরিবেশিত হয়। নৃত্য ও সঙ্গীত পরিবেশনে অংশ নেন ওয়াজীহা, আঁচল, আলিফ, সোহা, রাহা, শ্রেষ্ঠা, বুশরা, মুস্তাহিদ, গোবিন্দ, কানিজ প্রমুখ।


অন্যদিকে পুনশ্চ যশোরের আয়োজনে সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এতে অংশ নেন অরুন মজুমদার, অরুনিমা হক শ্রেষ্ঠা, সুজানা, জাহাঙ্গীর হোসেন, শ্রেয়সী, রিয়া, দ্বিপান্বিতা, অহনা প্রমুখ।
আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় টাউন হল মাঠে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সুরধুনী সংগীত নিকেতন। পর দিন রোববার একই স্থানে অনুষ্ঠান করবে সুরবিতান সঙ্গীত একাডেমি।