যবিপ্রবি ক্যাম্পাস প্রো-ভিসি নিয়োগ কেন্দ্র করে উত্তপ্ত

0
যবিপ্রবি ক্যাম্পাস প্রো-ভিসি নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত

লোকসমাজ ডেস্ক॥ প্রো-ভিসি নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শিক্ষার্থীরা সোমবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছে, যা মঙ্গলবারও অব্যাহত ছিল।

ক্যাম্পাসে গত মঙ্গলবার মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন কোনও স্বৈরাচারের দোসরকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ বুধবার, শিক্ষার্থীরা গণ স্বাক্ষর কর্মসূচি শুরু করেছে, যার মাধ্যমে তারা নতুন প্রো-ভিসি নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, স্বৈরাচার শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের স্বামী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ এম সাইফুল ইসলামকে যবিপ্রবি প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হতে পারে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় রাশেদ খান বলেন, ‘শত শত শহীদের রক্তের বিনিময়ে সদ্য বিতাড়িত স্বৈরাচারের কোনো দোসরকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্বাসন করা যাবে না। প্রয়োজনে ছাত্র-জনতাকে নিয়ে ক্যাম্পাস অচল করে দেওয়া হবে। আমাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে ড. সাইফুলকে যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘যারা এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে ‘রাতের ভোটের’ মূল কারিগর হিসেবে পরিচিত ড. মোছাম্মৎ নাজমানারা খানুম পরবর্তীতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। এরপর, তার রাজনৈতিক সম্পর্কের কারণে, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পান। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে পিএসসি থেকে বরখাস্ত করে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, ড. সাইফুল ইসলাম আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল থেকে দু’বার সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন এবং ২০১৫-২০১৭ সাল পর্যন্ত কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।