ঝিনাইদহে ২৬ টি দোকানে চুরি

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে চুরি হয়েছে। চোর বাজারের চারটি মার্কেটের ২৬টি দোকানের তালা ও শাটার ভেঙে মালামাল ও টাকা নিয়ে গেছে। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে তারা জানিয়েছেন।
সোববার সকালে ব্যবসায়ীরা বাজারে এসে দোকান তছনছের বিষয়টি জানতে পারেন। বাজারের ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউ মার্কেট, রাজমনি সুপার মার্কেট ও গাফফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোন প্রতিটি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ও মালামাল চুরি করেছে। তিনি দ্রুত এই চোরচক্র শনাক্ত করে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।
মিমি ফার্মেসির স্বত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, তার দোকান থেকে ব্যবসার দুই লাখ টাকা চুরি হয়েছে। বাজার কমিটির অবহেলা আর গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন। এর আগেও একাধিকবার হাটগোপালপুর বাজারে চুরি হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সোমবার দুপুরে জানান, সিসি টিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।