কোটচাঁদপুরে খালেদা জিয়াকে নিয়ে ছাত্রলীগ নেতার কুরুচিপূণ স্ট্যাটাস

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্যে লন্ডনে গেছেন। তার চিকিৎসা ও সুস্থতার বিষয়ে ইঙ্গিতপূর্ণ কটূক্তির অভিযোগ উঠেছে কোটচাঁদপুরের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় থানায় ইতোমধ্যেই সাধারণ ডায়েরি করেছেন থানা যুবদলের সদস্য সচিব মাহফুজুল আলম মামুন। পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে কয়েক দফা অভিযান চালিয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি আছেন। তিনি চিকিৎসার উদ্দেশে দেশ ত্যাগ করার পরপরই আকাশ হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে অসুস্থ বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে কটূক্তি করা হয়। এমন স্ট্যাটাস দেখার পর দলীয় নেতা -কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি টের পেয়ে আকাশ হোসেন ওই স্ট্যাটাস ডিলিট করে দেন। ততক্ষণে দলীয় নেতা- কর্মীরা তার স্ক্রিনশট দিয়ে রাখেন।
এ ঘটনায় কোটচাঁদপুর থানা যুবদলের সদস্য সচিব মাহফুজুল আলম মামুন স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মাহফুজুল আলম মামুন বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে উন্নত চিকিৎসার জন্যে যখন লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন, তার পরপরই তাকে ইঙ্গিত করে ফেসবুকে এমন স্ট্যাটাস জঘন্যতম অন্যায়। আমরা জিয়ার সৈনিক হয়ে বসে থাকতে পারি না।
এদিকে কোটচাঁদপুর থানা পুলিশ আকাশ হোসেনকে আটকে তার বাড়িসহ বেশ কয়েক জায়গায় অভিযান চালালেও তাকে পুলিশ পায়নি। এ ঘটনার পর একাধিক দলীয় নেতা -কর্মী নিজ নিজ ফেসবুক আইডিতে আকাশের ছবি দিয়ে লিখেছেন একে দেখামাত্র পুলিশে ধরিয়ে দিন।
আকাশ হোসেন আওয়ামী পরিবারের সন্তান। তার চাচা শওকত আলী মাস্টার নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ওই পরিবারের আরেক সদস্য আজগর আলী মেম্বার সাফদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত আকাশ হোসেন যশোর আব্দুর রাজ্জাক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও ওই কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি রোষানল থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে আকাশের চাচা শওকত আলী মাস্টার নিজে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বীকার করে বলেন- আমার ভাইপো পাগলাটে ধরনের। সে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে ভুল করেছে। তাকে তোমরা বাঁচিয়ে নাও।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান- ফেসবুকে ইঙ্গিতপূর্ণ এমন স্ট্যাটাসের জন্যে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আকাশ হোসেনকে ধরার।