৪ কোটি টাকার টেন্ডারে অসচ্ছতার অভিযোগ এনে ‘লিগ্যাল নোটিশ

0

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ॥ ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে প্রায় ৪ কোটি টাকার টেন্ডারে অসচ্ছতার অভিযোগ এনে লিগ্যাল নোটিশ দিয়েছেন মৌসুমি আক্তার মিলিথা নামে ঢাকার এক ওষুধ ব্যবসায়ী।

তিনি ঝিনাইদহ জজ আদালতের আইনজীবী মোছা জান্নাতুল ফেরদৌস মিতার মাধ্যমে ঝিনাইদহ জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ককে এই লিগ্যাল নোটিশ দেন।

সোমবার (১৩ জানুয়ারী) এই দরপত্র দাখিল করার দিন রয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়, ঝিনাইদহ সদর হাসপাতালের এমএসআর ক্রয়ের ক্ষেত্রে পিপিআর বর্হিভুত শর্ত প্রদান করা হয়েছে। আবার শর্ত সংযুক্ত করা হলেও টেন্ডার ড্রপিংয়ের সময় বৃদ্ধি করা হয়নি। ফলে অনেক প্রতিষ্ঠিত ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিতে পারছে না। এতে সরকার বড় রকমের রাজস্ব হারাবে। লিগ্যাল নোটিশ প্রদানকারী প্রতিষ্ঠান শর্ত সংশোধন করা না হলে আদালতে মামলা করারও হুমকী দেন তিনি।

এ বিষয়ে মাগুরার এসএম মামুন ড্রাগসের মালিক আজিজুল ইসলাম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের ইজিপি টেন্ডারে এক সঙ্গে বহু আইটেম চাওয়া হয়েছে। এছাড়া টেন্ডারে নমুনা চাওয়ার বিধান না থাকলেও কারো দ্বারা প্রভাবিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইজিপি টেন্ডার এই এ্যবনরমাল শর্ত দিয়েছে বলে তিনি দাবী করেন।

যশোরের ব্যাসায়ী জাকির হোসেন জানান, হাসপাতালের তত্বাবধায়ক যেভাবে কঠিন শর্ত আরোপ করেছেন, তা পিপিআর বহির্ভুত। নতুন নতুন শর্ত দিলেও টেন্ডারের সময় বৃদ্ধি না করায় অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নিতে পারছেন না।

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ রাজশাহীর এক ঠিকাদারকে অনেক আগেই হাসপাতাল কর্তৃপক্ষ মনোনীত করেছেন। ফলে এই টেন্ডার কর্যক্রম অসচ্ছ ও অনিয়মের মধ্যে সম্পন্ন করা হচ্ছে। এমএসআর টেন্ডার ও লিগ্যাল নোটিশের বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান সোমবার বিকালে জানান, লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার পর তার জবাব দেওয়া হয়েছে।

তিনি বলেন এম.এস এন্টারপ্রাইজ যে অভিযোগ উত্থাপন করে যে লিগ্যাল নোটিশ দিয়েছে তা আদৌ সঠিক নয়। বরং ইজিপি টেন্ডার সঠিক নিয়ম মেনেই করা হচ্ছে। এখানে কোন দুর্নীতি বা স্বজনপ্রীতির স্থান নেই। একটি মহল হাসপাতালের উন্নয়ন চাই না, তারা শুরু থেকেই এই সচ্ছ টেন্ডারের বিরোধীতা করে আসছে বলেও তিনি দাবী করেন।