যুবদল থেকে বহিষ্কৃত জনির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যুবদল থেকে বহিষ্কৃত এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে গত শনিবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। অর্ধ কোর্টি টাকা চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতার নামে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে জেলা যুবদলের দফতর সম্পাদক মো. কামরুল ইসলাম মামলাটি করেছেন। অভিযুক্ত এস্কেন্দার আলী জনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
মামলায় দফতর সম্পাদক মো. কামরুল ইসলাম উল্লেখ করেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এবং জেলা বিএনপির সুপারিশে গত ১৭ ডিসেম্বর জেলা যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয় এস্কেন্দার আলী জনিকে। বহিস্কার করার কারণে গত ১৮ ডিসেম্বর বিকেলে মো. কামরুল ইসলামকে হোটসঅ্যাপে ফোন করে তার কাছে অর্ধ কোটি চাঁদা দাবি করেন জনি। তাকে চাঁদার টাকা না দেওয়ায় তিনি মো. কামরুল ইসলামসহ জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যশোর জেলা বিএনপি’র সদস্য সচিবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ফেসবুকে লাইভে বিভিন্ন ধরনের কুৎসা রটনা ও মিথ্যা তথ্য প্রচার করে আসছেন। তিনি সেনাবাহিনীসহ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এমনকী ফেসবুকে লাইভে এসে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে ভারতে পালাতে সাহায্য এবং যুবদলকে যুবলীগে পরিণত করেছে এ কথা বলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছেন।