ঝিকরগাছার রেজাউল হত্যা মামলায় চাচা ও চাচাতো ২ ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার করিমআলী গ্রামের রেজাউল করিম হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। নিহতের চাচা আব্দুস সামাদ এবং চাচাতো ভাই নুরুল হাসান ওরফে হাসানুজ্জামান হাসান ও হাদিউজ্জামান রিপনকে অভিযুক্ত করে সম্প্রতি আদালতে এই চার্জশিট দাখিল করেন থানা পুলিশের এসআই সৈয়দ বকতিয়ার আলী।
মামলা সুত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে অভিযুক্তদের সাথে রেজাউল করিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। ২০২৪ সালের ৬ আগস্ট সকালে করিমআলী গ্রামের গুননগর মোড়ে আব্দুস সামাদের সাথে রেজাউল করিমে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে পরবর্তীতে অভিযুক্তরা কৌশলে রেজাউল করিমকে মাঠ থেকে ডেকে তাদের বাড়ি নিয়ে যান। বাড়িতে ডেকে নেওয়ার পর তাকে মারধর করা হলে রেজাউল করিম গুরুতর জখম হন। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে সেখানে গিয়ে রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রেজাউল করিমের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার সময় পথে ফরিদপুরে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে শামীম হুসাইন ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন।