আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা সার সরবরাহে আমদানিকাররা কারসাজি করছেন

0

স্টাফ রিপোর্টার ॥ অভয়নগরের নওয়াপাড়ায় সার আমদানিকারকদের কারসাজি এবং কিছু কিছু ডিলারদের অনৈতিক কর্মকা-ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়। রোববার সকাল সাড়ে ১০টায় যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা হয়।
সভায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কিন্তু আমদানিকারকদের অনিয়মের কারণে সার নিয়ে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দূরের কোনো জেলার ডিলার যদি ট্রাক নিয়ে নওয়াপাড়ায় সার আনতে যায় তাকে ৩দিন বসিয়ে রেখে সরবরাহ করা হচ্ছে। অথচ স্থানীয় কোনো ডিলার গেলে তাকে সাথে সাথে সার সরবরাহ করা হচ্ছে। এই অনিয়মের কারণে দূরের জেলার ডিলাররা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, কোনো কোনো জেলার ডিলার অধিক লাভের আশায় সার উত্তোলন করে নিজ এলাকায় না নিয়ে গোপনে বিক্রি করে দিচ্ছেন এমন অভিযোগও রয়েছে। এ বিষয়টি সার ব্যবসায়ীদের সংগঠনের নেতৃবৃন্দ দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় যশোরের একটি মাদ্রাসার যেমন খুশি তেমন সাজোর একটি ঘটনার প্রপাগা-া বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ প্রসঙ্গে সভায় শিক্ষা অফিসারের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, এখন বিভিন্ন স্কুলে বার্ষিক বিভিন্ন অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানগুলিতে এমন কোনো আয়োজন যাতে না হয় যার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে।
সভায় বলা হয়, মণিহার থেকে মুড়লি পর্যন্ত ৪ লেনের সড়কের উপর বাস রেখে
দখলদারিত্ব চলছে। বিশেষ করে রাস্তার ওপর বাস রেখে গ্যারেজ মালিকেরা মেরামতের কারণে এই সমস্যা প্রকট হয়ে উঠেছে। এ প্রসঙ্গে সভায় উপস্থিত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহমেদ বলেন, এ সমস্যার সমাধানে মোবাইল কোর্ট পরিচালনা করা যেতে পারে।
সভায় জেলা প্রশাসক বলেন, অভিযোগ উঠেছে বোতলজাত সয়াবিন কিনতে গেলে অন্য পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। না হলে বোতলজাত সয়াবিন নাকি দেওয়া হচ্ছেনা। বিষয়টি খোঁজখবর নিয়ে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দকে পদক্ষেপ নিতে বলা হয়।
সভায় সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, নতুন একটি ভাইরাসের আবির্ভাব ঘটেছে। এ কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমনটা করোনাকালীন আমরা মেনে চলেছি।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ আলোচনায় অংশ নেন।