ভালো মানুষ হওয়ার তাগিদ দিলেন আজহারী, আদ্-দ্বীনের মাহফিলের সমাপনী দিনে জনতার ঢল

0

স্টাফ রিপোর্টার ॥ আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শেষ দিনে শুক্রবার আলোচক ছিলেন ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ড. মিজানুর রহমান আজহারী মানব সম্পদ উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। আল্লাহ মানুষকে সব মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাসুল (স.) মানবতাকে সম্মান করতেন। এক্ষেত্রে তিনি ধর্মবর্ণের ভেদ করতেন না।
তিনি বলেন, বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। জঙ্গিবাদ দিয়ে নয়, বুদ্ধিমত্তার সাথে ধীরে ধীরে সংসদে শরিয়া আইন চালু হবে। ইসলাম দিয়ে সংসদ চলুক এটা আমাদের কামনা। এ জন্য সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে।
তিনি বলেন, মানুষ ভালো হলে ফেরেস্তার চেয়ে ভালো হয়, খারাপ হলে পশুর চেয়ে নিকৃষ্ট হয়। খারাপ মানুষের দৃষ্টান্ত ইসরায়েল সৈন্য। তারা রোগীভর্তি হাসপাতালও গুড়িয়ে দিয়েছে। নাক মুখ চোখ থাকলেই মানুষ নয়, মানুষ হতে হলে অবশ্যই মানববতা থাকতে হবে।
তিনি বলেন, মানুষ যা কল্পনা করতে পারে, সেটা করে দেখাতে পারে। কাজেই জগৎ আলোকিত করার উপযোগী ভালো মানুষ হতে হবে।
তিনি বলেন, মৃত্যুছাড়া সব কিছু জয় করতে পারে মানুষ। মানুষের ইতিহাস বিজয়ের। পরাজিত হওয়ার জন্য মানুষের জন্ম হয়নি।
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার আলোচনায় বলেন, বিকৃত নামে ডাকা হারাম, কু-ধারনা করা হারাম, গিবত করা হারাম।
তিনি বলেন, সুষ্পষ্ট প্রমাণছাড়া মানুষের চরিত্র হনন করা মারাত্মক গোনহা। এ গোনহার চর্চা হরহামেশা চলছে। এ থেকে আমাদের বাঁচতে হবে।
এদিকে এ দুই ইসলামিক স্কলারের আগমনকে ঘিরে গতকাল যশোরে মানুষের ঢল নামে। শুক্রবার সকালেই খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে এ উৎসবে রূপ নেয়। মাহফিলের সাথে ছিল ইসলামী বইমেলা ও প্রদর্শনী। মেলায় ২২টি স্টল ছিল। একইসঙ্গে শিশুদের জন্য ছিল ‘কিডস জোন’।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন বলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। এখানে ইসলামি কৃষ্টিকালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে বই মেলার স্টলে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ানসহ ২২টি প্রকাশনী এখানে স্টল নিয়েছে। পড়াশোনার অভ্যাসের জন্য এ বই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে শুধু ওয়াজ মাহফিল নয়; এখানে হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনোদনেরও ব্যবস্থা রয়েছে।
এদিকে অতিরিক্ত মানুষের ভিড়ে চাপাচাপিতে অন্তত ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তিরা হলেন- যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আজিজুল ইসলামের কন্যা ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আফিফা (১৪), বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মঞ্জুর হোসেনের পুত্র ওসমান (১৮), কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গর্দ্দরপুর গ্রামের পারভেজ হোসেনের পুত্র পিয়াল (১০), যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের হাফিজুর রহমানের পুত্র সাইদুল ইসলাম (৩৪)। অপর ৪ জনের ঠিকানা মেলেনি। এরা হলেন, মইনুল ইসলাম (৩২), মাসুদ (২৬), ইব্রাহিম (৩০) ও মার্জান (১৮)।
এদের ভেতর আফিফা ও পিয়ালের অবস্থা গুরুতর। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাশহুরুল হক জানিয়েছেন, লোকজনের ভিড়ের ভেতর ঠেলাঠেলিতে চাপা লেগে তারা আহত হয়েছেন। অনেকের বুকে চাপা লেগে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে, চিকিৎসা চলছে।
অপরদিকে ভীড়ের মধ্যে মুসল্লিবেসে ছিনতাইকারী ও পকেটমাররা অবস্থান নেয়। ফলে অনেকে মোবাইল ও টাকা পয়সা খুইয়েছেন। নারীদের প্যান্ডেলেও নারী ছিনতাইকারী ছিল। তারা কারো কারো অংলকার ছিনিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শৃঙ্খলা দায়িত্বে নিয়জিত স্¦েচ্ছাসেবকরা কয়েকজন ছিনতাইকারীকে ধরে ফেলে। তাদেরকে পুলিশে দেয়া হয়েছে।