গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার উৎসব বেতাই গ্রামে

0
স্টাফ রিপোটার, ঝিনাইদহ ।। ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসব ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল থেকে বেতাই গ্রামের মাঠে আয়োজন শুরু হয়। প্রতিযোগিতায় ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও যশোর জেলার মোট ১৬টি গরুর গাড়ি অংশ নেয়। বেলা ১২টায় প্রথম ধাপের খেলা শুরু হয়।
গ্রামবাসীর আয়োজনে প্রতিবছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উপলক্ষে বসে মেলা। মেলায় বাহারি খাবার, পিঠাপুলির দোকান, নাগরদোলা, মিষ্টি পান, মুড়ি-মুড়কি, ছাঁচের মিষ্টি, খেলনার পসরা নিয়ে বসেন দোকানিরা। শিশু কিশোরসহ সব বয়সীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ।
প্রতিযোগিতা শেষে  বিকেল সাড়ে ৫ টায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, প্রেসক্লাবের সহসভাপতি আসিফ ইকবাল মাখন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। সভাপতিত্ব করেন ইজ্জত আলী মাস্টার।
আয়োজকরা জানান, প্রতি বছর এ আয়োজন করা হয়। মানুষের মাঝে এবার উৎসবের আমেজ ছিল ভিন্ন রকম। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা ছিল। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জেলার মহেশপুর উপজেলা থেকে আগত কুরবান আলীর গরুর গাড়ি চ্যাম্পিয়ন হয়। প্রথম রানার্সআপ হিসেবে নড়াইল জেলার নুরু মিয়া ও দ্বিতীয় রানার্সআপ হিসেবে যৌথভাবে যশোরের বাঘারপাড়ার ওয়ালিদ মিয়া ও শহিদুল ইসলাম বিজয়ী হন।