নওয়াপাড়ায় পলাশ হত্যা মামলায় আটক কে এই রইস উদ্দিন শিকদার?

0

বিশেষ প্রতিনিধি॥ গত শনিবার সন্ধ্যারাতে যশোরের নওয়াপাড়া শিল্পশহরে খুন হন সাবেক পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ। শহরের কর ভবনের পেছন থেকে রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার হন রইস উদ্দিন শিকদার নামে এক সন্ত্রাসী। কেউ কেউ এ ঘটনার সাথে বিএনপিকে জড়ানোর চেষ্টা করেন। কিন্তু প্রকৃত ঘটনা ভিন্ন। রইস আসলে বিএনপির কেউ না। নওয়াপাড়ার টপ টেরর আওয়ামী শ্রমিক লীগের প্রভাবশালী নেতা সাবেক কাউন্সিলর রবিন অধিকারী বেচার ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য এ রইস শিকদার। লোকসমাজের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, রইস শিকদাররা থাকেন নওয়াপাড়া শিল্পশহরের বেঙ্গল টেক্সটাইল মিলের কাছে রেলওয়ের লেভেল ক্রসিঙের পাশের বস্তিতে। পিতার নাম সিদ্দিক শিকদার। মার নাম শাফিয়া। পিতা ও মা দুজনেই মারা গেছেন। পিতা সিদ্দিক শিকদার রিকশা চালিয়ে ও মা শাফিয়া চোরাচালান করে সংসার চালাতেন। রইসের বড় ভাই বাবু ওরফে কুঁজো বাবু আওয়ামী বাস্তুহারা লীগের একজন প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে সন্ত্রাসের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।
অওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, রইস একজন সন্ত্রাসী। তিনি বাস্তুহারা লীগ নেতা কুঁজো বাবুর ভাই। তিনি বেচা বাহিনীর অন্যতম সদস্য। আওয়ামী লীগ আমলে তিনি সন্ত্রাসের সাথে জড়িত ছিলেন। পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তিনি ভোল পাল্টেছেন। গড়ে তুলেছেন রইস বাহিনী। তার বাহিনীর সদস্য সংখ্যা ৭-৮জন। এদের ভেতর রয়েছেন রবি ও হান্নানসহ আরো কয়েকজন। এরা সাম্প্রতিক সময়ে স্টেশনবাজার এলাকার খালেক ড্রাইভারের ছেলে শহিদুল, মোতাহার ড্রাইভারের ছেলে রোকন, আব্দুল গফফার শেখের ছেলে নসোসহ ১০-১২জনকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন। মানুষকে জিম্মি করে চাঁদা আদায় এদের প্রধান কাজ। সাবেক কাউন্সিলর পলাশও একই কারণে খুন হয়েছেন।
অভয়নগর উপজেলা বিএনপির সাভাপতি ফারাজী মতিয়ার রহমানও প্রায় একই কথা বলেন দৈনিক লোকসমাজকে। তিনি বলেন, এ হত্যার সাথে কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। নেই বিএনপির সংশ্লিষ্টতা। এ হত্যার দায় বিএনপি নেবে না।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমাদুল করিম জানান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ হত্যার ঘটনায় তার স্ত্রী রোববার অভয়নগর থানায় একটি মামলা করেছেন। এ মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। এর ভেতর রইস শিকদার গ্রেফতার হয়েছেন। অজ্ঞাত কোন আসামি নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর সাথে আমি রাজনীতি পাচ্ছিনা।