পাইকগাছায় কপোতাক্ষের ভাঙনকবলিত বাঁধ সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ

0

এইচএম শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা) ॥ খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী জেলে পল্লী এলাকার কপোতাক্ষের ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর স্মারকলিপি দেন ফোরামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, অখিল কুমার ম-ল ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু। স্মারকলিপির মাধ্যমে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দ বলেন, উপজেলার রাড়ুলী জেলে পল্লী এলাকার কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙনে ওই এলাকার বহু ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জেলে সম্প্রদায়সহ অন্যান্য অনেক পরিবার গৃহহীন হয়েছে। ভাঙনরোধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন না করায় প্রতিবছর বর্ষা মৌসুম এবং প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হয়ে এলাকার মানুষ এবং সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে রাড়ুলী পূর্ব পাড়া হতে জেলে পল্লী হয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেয়াঘাট পর্যন্ত ৮০০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে। এখানকার ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কয়েক কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রথম দিকে কাজ চলমান থাকলেও বর্তমানে কোনো অগ্রগতি নেই। আগামী বর্ষা মৌসুমের আগেই চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও কাছে জোর দাবি জানান ফোরামের নেতৃবৃন্দ।