যশোরে যানজটে দুর্ভোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর এখন যানজটের শহর হয়ে উঠেছে। রাতদিন সব সময় সর্বত্রই যানজট লেগেই থাকে। ফলে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। যানজট নিরসনে নিয়োজিত ট্রাফিক পুলিশ ঠিকমতো কাজ করে না। এতেকরে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
ঢাকার রাস্তায় যানজটের বিষয়টি সকলের জানা। কিন্তু মফঃস্বল শহর হিসেবে যশোর শহরে চলাচলের ক্ষেত্রে যানজট অপ্রত্যাশিত। চলতি বছরের শুরু থেকে শহরের বিভিন্ন জায়গায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের রাস্তাগুলোর ধারণ ক্ষমতা চেয়ে দ্বিগুণ ইজিবাইক, থ্রি-হুইলার মাইক্রোবাস, প্রাইভেটকার মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন অবাধে চলাচল করছে। শহরের দড়াটানার মোড়, যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড়, আইনজীবী সমিতির মোড়, মণিহার এলাকা ও উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকাসহ শহরের জেলরোড ও ঘোপ নওয়াপাড়া রোড অংশে ব্যাপক যানজট থাকে। হাসপাতাল চত্বরও মুক্ত না যানজট থেকে। হাসপাতাল মোড় হচ্ছে বর্তমান সময়ের সর্বাধিক যানজটপূর্ণ এলাকা। যানবাহনের ভিড়ে রোগী কিংবা অ্যাম্বুলেন্স ঠিকমতো প্রবেশ করতে পারে না হাসপাতালে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীর ব্যাপক ভিড় থাকে। রোগীর ভিড়ে হাসপাতাল চত্বরে মানুষের চলাচল করা এমনিতেই কষ্টকর। তারপর বিভিন্ন প্রকার যানবাহনের চাপে এলাকাটি যেন চিড়ে চ্যাপটা হয়ে যায়। মোড় থেকে হাসপাতালে প্রবেশ করতে গেলে চলে যায় প্রায় ২০ মিনিট। হাসপাতাল মোড় থেকে কুইন্স হাসপাতাল প্রাইভেট লিমিটেড, হাসপাতাল মোড় থেকে দড়াটানা মোড় পর্যন্ত কখনো কখনো ২৫ মিনিট, দড়াটানা মোড় হতে হতে চিত্রার মোড় পর্যন্ত ২০ মিনিট সময় ব্যয় হয়। অনুরূপভাবে আইনজীবী সমিতির মোড়, এমনকে রোড মণিহার প্রেক্ষাগৃহ এলাকার সামনে ব্যাপক যানজট থাকে।
সূত্র জানায়, এ শহরে ৫ হাজারের মতো যানবাহন চলাচল করতে পারে। অথচ সেখানে ২০ হাজারের অধিক ইজিবাইক, রিক্সা ও ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যান চলাচল করছে। এতেকরে রাস্তার প্রশস্ততার অভাবে বাড়ছে যানজট।
এ যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোর ট্রাফিক পুলিশের। অথচ ট্রাফিক পুলিশ শহরে সার্বক্ষণিক যথাযথ দায়িত্ব পালন করছে এমন দৃশ্য তেমন চোখে পড়ে না। মাঝেমধ্যে পুলিশ কিছুটা তৎপর হয়। আবার অধিকাংশ সময় ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকে একেবারে কম।
এ ব্যাপারে যশোরের ট্রাফিক ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান বলেন, শহরে ট্রাফিক পুলিশ ঠিকমতো কাজ করছে। আগের চেয়ে ট্রাফিক পুুলিশের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। তবে নিবন্ধনবিহীন অবৈধ যানবাহন বেড়ে গেছে উল্লেখ করে মো. মাহফুজুর রহমান বলেন, এ কারণে যানজট হচ্ছে।