ঝিকরগাছায় বড়দিনের প্রস্তুতি

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনে শুভ বড়দিন উপলক্ষে ঝিকরগাছার শিমুলিয়াসহ ১৭টি খ্রিস্টান মিশন পল্লীতে উৎসবের আমেজ শুরু হয়েছে।
সরেজমিনে এসব মিশনে গিয়ে দেখা গেছে, মিশন পল্ল¬ীগুলোর ঘরে ঘরে ছিল খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উৎসবের আমেজ। আজ ২৪ ডিসেম্বর রাত ১১টায় শিমুলিয়া মিশনের প্রধান ফাদার ড্যানিয়াল মন্ডল গির্জায় বড়দিনের অনুষ্ঠান শুরু করবেন। একই সময় অন্যান্য গ্রির্জায় ধর্মপ্রাণ খ্রিস্টান ধর্মাবলম্বিরা প্রার্থনা সভায় যোগ দেবেন। এদিকে প্রতিবারের মতো এবারও মিশন পল্ল¬ীগুলোর খ্রিস্টান ধর্মাবলম্বি পরিবার তাদের গৃহসজ্জা থেকে শুরু করে বড়দিনের নতুন পোষাকে সেজেছেন। গির্জা প্রাঙ্গন বড়দিন উপলক্ষে প্রতিবছর মেলার আয়োজন করে। কিন্তু এ বছর প্রশাসনের অনুমতি না থাকায় তা হচ্ছেনা। বড়দিন উপলক্ষে মিশন প্রাঙ্গনে খ্রিস্টান সম্প্রদায় ছাড়াও হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সমাগম ঘটে।
সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় রোজারিও বলেন, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে আনন্দের বার্তা এসেছে তা সকলের মাঝে ভাগাভাগি করতে পারাই বড় দিনের মূল লক্ষ্য। ঝিকরগাছার মিশনগুলো হলো, শিমুলিয়া ক্যাথলিক চার্চ, বেনেয়ালী ক্যাথলিক চার্চ, গঙ্গাধরপুর ক্যাথলিক চার্চ, বোধখানা ক্যাথলিক চার্চ, নওয়াপাড়া ক্যাথলিক চার্চ, সোনাকুড় ক্যাথলিক চার্চ, গুননগর ক্যাথলিক চার্চ, কামারপাড়া ক্যাথলিক চার্চ, জগদানন্দকাঠি ক্যাথলিক চার্চ,আমিনিয়া আরবিটি চার্চ, গুননগর আরবিটি চার্চ, মাটিকোমরা লুথারেন চার্চ, জগদানন্দকাঠি লুথারেন চার্চ, মধুখালী টালিথা কুমি চার্চ, নওয়াপাড়া এসডিএ চার্চ, বাউসা এসডিএ চার্চ ও রাজাপুর এসডিএ চার্চ।
বড়দিনের উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন।